চট্টগ্রামের তারুণ্যের সমাবেশে রাঙামাটি বিএনপির সাত হাজার নেতাকর্মী
‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’র লক্ষ্যে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে শুরু হচ্ছে বিএনপির তারুণ্যের মহাসমাবেশ। এতে চট্টগ্রাম বিভাগের ১১ জেলা থেকে প্রায় ৫ লাখ তরুণের অংশগ্রহণের আশা করছে দলটি। আর এই সমাবেশে যোগ দিতে পার্বত্য জেলা রাঙামাটি থেকে গিয়েছে দলটির অন্তত ৭ হাজার নেতাকর্মী।
সকাল থেকেই রাঙামাটি জেলার দুর্গম বিভিন্ন ইউনিয়ন,উপজেলা থেকে শত শত নেতাকর্মী দলবেঁধে কেউবা বাসে, কেউ ট্রাক,পিকআপ,মাইক্রো,কার,মোটরসাইকেল যোগে রওনা হয় বন্দরনগরী চট্টগ্রামের উদ্দেশ্যে। সেখানে সিআরবি এলাকায় জমায়েত হয় তারা। সিআরবি থেকে রাঙামাটি জেলা বিএনপির ব্যানারে মিছিল নিয়ে পলোগ্রাউন্ড ময়দানের সমাবেশে যোগ দিবেন দলটির নেতাকর্মীরা।
রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকতার দীপু,সাধারন সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলের নেতৃত্ব বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা যোগ দিচ্ছেন এই সমাবেশে।
রাঙামাটি জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন বলছেন,‘‘রাজনৈতিকভাবে তরুণদের সচেতন করা, দেশপ্রেম জাগ্রত করা এবং আগামীর রাষ্ট্র নির্মাণে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেই জননেতা তারেক রহমানের নির্দেশে এই আয়োজন। তরুণদের সামনে রেখে আমাদের মূল লক্ষ্য এক কোটি তরুণ ভোটারকে উদ্বুদ্ধ করা। একইসঙ্গে রাজনীতি, অর্থনীতি, ব্যবসা-বিনিয়োগ ও শিল্পায়নে তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাও আমাদের উদ্দেশ্য।’
মামুন বলেন,পার্বত্য রাঙামাটি দেশের সবচে দুর্গম এলাকা হওয়া সত্ত্বেও পাহাড়ী বাঙালী শত শত নেতাকর্মী ভোর থেকে বন্দরনগরীর উদ্দেশ্যে রওনা হয়েছে। বাঘাইছড়ির সাজেক থেকে শুরু করে নানিয়ারচর,লংগদু,বিলাইছড়ি,বরকলের মত দুর্গম উপজেলা থেকেও আমাদের জাতীয়তাবাদী আদর্শের সৈনিকেরা ঝাঁকে ঝাঁকে যোগ দিচ্ছে এই সমাবেশে। সবার প্রত্যাশা দ্রুততম সময়ে একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন।’








